Banner 468x60 for

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১২

জার্মান ইউজারদের আল্টিমেটাম ফেইসবুককে

জার্মান ইউজারদের আল্টিমেটাম ফেইসবুককে

ব্যবহারকারীদের অজান্তে ব্যক্তিগত তথ্য ব্যবহারের কারণে ফেইসবুকের ওপর ক্ষেপেছে জার্মানির সবচেয়ে বড় ভোক্তা সংগঠন ‘জার্মান ফেডারেশন অফ কনজিউমার অর্গানাইজেশনস’। ব্যবহারকারীদের না জানিয়ে তাদের ব্যক্তিগত তথ্য ফেইসবুকের নতুন অ্যাপ্লিকেশন সেন্টারে ব্যবহার বন্ধ না করলে মামলা করার হুমকি দিয়েছে সংগঠনটি। খবর রয়টার্স-এর।

জার্মান ফেডারেশন অফ কনজিউমার অর্গানাইজেশন বলছে, অনুমতি ছাড়াই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অ্যাপ্লিকেশন সেন্টারে ব্যবহার করে জার্মান প্রাইভেসি ল’ অমান্য করছে ফেইসবুক। ৪ সেপ্টেম্বরের মধ্যে এ সমস্যার সমাধান করার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। অন্যথায় সোশাল নেটওয়ার্কিং সাইটটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে দিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, কিছুদিন আগেই ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা রক্ষার্থে ফেইসবুকের পলিসি নিয়ে নতুন করে তদন্তে নামার ঘোষণা দিয়েছিলেন ডেটা প্রটেশশন অ্যান্ড ফ্রিডম অফ ইনফরমেশনের হামবুর্গ কমিশনার।

শেয়ার বাজারে ক্রমাগত দরপতন, বিজ্ঞাপন থেকে আয় নিয়ে বিতর্ক আর দুর্বল প্রাইভেসি পলিসির কারণে ব্যবহারকারী এবং বিনিয়োগকারী -উভয়ের চাপের মুখে রয়েছে ফেইসবুক। এমন সময় জার্মান ভোক্তাদের সংগঠনটির মামলা করার হুমকি অনেকটাই যেন গোঁদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় সোশাল নেটওয়ার্কিং ওয়েবসাইটটির জন্য।

চোখের ধকল কমানোর ৮ উপায়

চোখের ধকল কমানোর ৮ উপায়


কাজের খাতিরে প্রতিদিনই লম্বা সময় কম্পিউটার মনিটরের সামনে কাটিয়ে দেয়া খুবই সাধারণ একটা ব্যাপার। অনেকের একনাগাড়ে ১০ ঘণ্টারও বেশি সময় কাটাতে হয় পিসি মনিটরের সামনে। কিন্তু দীর্ঘসময় কাজ করার ফলে কম্পিউটার মনিটরের উজ্জ্বল আলো থেকে ক্ষতিগ্রস্ত হয় চোখ। এ সমস্যার সমাধানে কিছুটা হলেও সাহায্য করবে এ আটটি উপায়-


১. কমিয়ে দিন মনিটরের উজ্জ্বলতা
চোখের ওপর মনিটরের উজ্জ্বল আলোর চাপ কমাতে কমিয়ে দিন আপনার মনিটরটির ব্রাইটনেস বা উজ্জ্বলতা। বাজারের সবগুলো মনিটরের সঙ্গেই পাওয়া যায় ইউজার গাইড। ওই ইউজার গাইডটি ব্যবহার করেই পছন্দ মতো কমিয়ে-বাড়িয়ে নিতে পারবেন মনিটরের ব্রাইটনেস, কনট্রাস্ট এবং রং। গাইডটি যদি হারিয়ে ফেলেন, তবে দুশ্চিন্তার কিছু নেই, কিছুটা সময় গুগলকে দিলেই পেয়ে যাবেন আপনার মনিটরটির ম্যানুফাকচারার ম্যানুয়াল। গুগলে পাওয়া না গেলেও দুঃশ্চিন্তার কিছু নেই, সব কম্পিউটার মনিটরেই থাকে একাধিক বাটন, যেগুলো ম্যানুয়ালি ব্যবহার করে লুকানো মেনু থেকে খুঁজে নিতে হবে প্রয়োজনীয় অপশন।

২. পারলে কিনুন কম্পিউটার রিডার চশমা
সম্ভব হলে কিনে ফেলুন কম্পিউটার রিডার চশমা। এই চশমার বিশেষত্ত্ব হচ্ছে, এতে রয়েছে প্রকেটটিভ কোটিং। আর চশমার লেন্সগুলো মনিটরের উজ্জল সাদা আলো থেকে চোখ রক্ষার জন্যেই বিশেষভাবে তৈরি।

৩. ম্যাগনিফায়ার ব্যবহার করুন
ম্যাগনিফায়ার প্রোগ্রামটি বানিয়েছে মাইক্রোসফট। কিবোর্ড বা মাউস কার্সর মনিটরের যেখানে থাকবে, সে জায়গাটিই বড় করে দেখাবে ম্যাগনিফায়ার। প্রোগ্রামটি ব্যবহার করে, কম্পিউটার মনিটরের ছোট লেখাগুলোর জন্য চোখের ওপর চাপ অনেকটাই কমাতে পারবেন ব্যবহারকারীরা।

মাইক্রোসফট পণ্য ব্যবহার না করলেও সমস্যা নেই। জুম সফটওয়্যার ব্যবহার করে ম্যাগনিফায়ারের মতো একই সুবিধা ভোগ করতে পারবেন ম্যাক ইউজাররা।

৪. বাড়িয়ে নিন ব্রাউজারের ডিসপ্লে সাইজ
প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিন ব্রাউজারের ডিসপ্লে সাইজ। কিবোর্ডের কন্ট্রোল বাটনটি চেপে ধরে মাউস স্ক্রল করলেই পরিবর্তন আসবে আপনার ডিসপ্লেতে। কয়েকবার কমান্ড এবং + চেপে ব্রাউজার উইন্ডো বড় করে নিতে পারবেন ম্যাক ইউজাররা।


৫. কমিয়ে নিন স্ক্রিন রেজুলিউশন
কমিয়ে রাখুন ডিসপ্লের স্ক্রিন রেজুলিউশন। কম্পিউটার ডিসপ্লে উইন্ডোতে মাউসের রাইট বাটন ক্লিক করে কমিয়ে নিতে পারেন স্ক্রিন ডিসপ্লে।

ম্যাক ব্যবহারকারীরা এ কাজটি করতে পারবেন স্ক্রিনের অ্যাপল লোগোতে যেয়ে। সেখান থেকে সিস্টেম প্রেফারেন্স এবং তারপর ডিসপ্লে সেটিং-এ যেয়ে।

৬. বাড়িয়ে নিন উইন্ডোজ টেক্সট সাইজ
চোখের ওপর থেকে চাপ কমাতে বাড়িয়ে নিন উইন্ডোজ টেক্সট সাইজ। টেক্সট এবং অন্যান্য আইটেমগুলোর আকার আকৃতি পরিবর্তনের সুবিধা রয়েছে উইন্ডোজ ৭-এ। ডিসপ্লে উইন্ডোতে মাউসের রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ মেনুর ডিসপ্লে অপশনে যেতে হবে। সেখান থেকেই বদলানো যাবে টেক্সটের আকার আকৃতি।

৭. ছুটি দিন আপনার চোখ দু’টিকে
লম্বা সময় ধরে কম্পিউটার স্ক্রিনের দিকে থাকিয়ে থাকা মোটেও স্বাস্থ্যকর নয়। উল্টো বাড়িয়ে দেয় কম্পিউটার ভিশন সিনড্রোমে আক্রান্ত হবার শংকা। তাই কাজের ফাঁকে ছুটি দিন আপনার চোখ দু’টিকে। দূরের কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকুন ১০ থেকে ২০ সেকেন্ড। তারপর একই সময় ধরে দৃষ্টি সীমাবদ্ধ করুন কাছের কোনো বস্তুতে। টানা কয়েকবার পুনরাবৃত্তি করুন এ কাজের। এতে কিছুটা হলেও ধকল কমবে আপনার চোখের ওপর থেকে।

৮. ঘুরে আসুন বাইরে থেকে
সারাদিন ঘরে বা অফিসে কম্পিউটার মনিটরের দিকে তাকিয়ে থাকলে কেবল চোখেরই ক্ষতি হয় না, ঘুমেও ব্যাঘাত ঘটে। তাই সুযোগ পেলেই বাইরে থেকে ঘুরে আসুন। ভিন্ন ভিন্ন উজ্জ্বলতার আলোর উপস্থিতিতে লম্বা সময় কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ক্লান্তি অনেকটাই কাটিয়ে উঠতে পারবে আপনার চোখ।


শক্তিশালী মেইনফ্রেম কম্পিউটার আনলো আইবিএম

শক্তিশালী মেইনফ্রেম কম্পিউটার আনলো আইবিএম

আইবিএম নিয়ে এসেছে নতুন মেইনফ্রেম কম্পিউটার, ‘জিএন্টারপ্রাইজ ইসি১২’ (zEnterprise EC12)। আইবিএম-এর ভাষ্যমতে প্রতিষ্ঠানটির সবচেয়ে শক্তিশালী এবং প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে উন্নত মেইনফ্রেম কম্পিউটার এটি।

আইবিএম আরো জানিয়েছে, ৫.৫ গিগাহার্টজ-এর মেইনফ্রেম সার্ভারটির মাইক্রোপ্রসেসর তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মাইক্রোচিপ। আইবিএম-এর তৈরি মেইনফ্রেম কম্পিউটারের আগের মডেলটির তুলনায় জিএন্টারপ্রাইজ ইসি১২-এর ডেটা প্রসেসিং স্পিড ২৫ শতাংশ বেশি।

আইবিএম বলছে, জিএন্টারপ্রাইজ ইসি১২ ডিজাইন করা হয়েছে এমনভাবে যে, খুব অল্প সময়ে দ্রতগতিতে এবং নিরাপদে পাহাড় সমান ডেটা থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে নিতে পারবেন এর ব্যবহারকারীরা। মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার হয় চেইন শপ থেকে শুরু করে ব্যাংক এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে।

আইবিএম জানিয়েছে, জিএন্টারপ্রাইজ ইসি১২ বানানোর আগে কেবল রিসার্চ করতেই প্রতিষ্ঠানটির খরচ হয়েছে ১শ’ কোটি ডলার। জিএন্টারপ্রাইজ ইসি১২ বিশ্বের সবচেয়ে নিরাপদ মেইনফ্রেম সিস্টেমগুলোর একটি বলেই জানিয়েছে আইবিএম।

ইনটেল চিপভিত্তিক স্মার্টফোন আনছে মটোরোলা

ইনটেল চিপভিত্তিক স্মার্টফোন আনছে মটোরোলা

ইনটেল চিপের তৈরি প্রথম স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা মবিলিটি। ১৮ সেপ্টেম্বর লণ্ডনে প্রথমবারের মতো স্মার্টফোনটি জনসম্মুখে আনবে গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।

ইনটেল চিপ ব্যবহার করে স্মার্টফোন বানায় লাভা, লেনোভো এবং গিগাবাইটের মতো প্রতিষ্ঠানগুলো। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বদৌলতে অ্যাপলের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত গুগলের নিজেদের তৈরি প্রথম স্মার্টফোন হবে এটি।

এ বছরের জানুয়ারি মাসে গুগলের সঙ্গে কাজ করার কথা ঘোষণা করে ইনটেল। পিসি বাজারের পাশাপাশি স্মার্টফোন চিপের বাজারেও রাজত্ব করার ইচ্ছে রয়েছে এই চিপ নির্মাতার। ইনটেল জানিয়েছে স্মার্টফোন চিপ বাজারকেই নিজেদের ভবিষ্যত বলে বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

সেপ্টেম্বর মাসটি টেকনোলজি দুনিয়ার জন্য উৎসবের মতো হচ্ছে। সেপ্টেম্বরের ৫ তারিখে আসছে নোকিয়ার উইন্ডোজ ৮ স্মার্টফোন। ১২ সেপ্টেম্বর অ্যাপল নতুন আইফোন ৫ দেখাবে এমন গুজব শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। আর অ্যামাজন এবং স্যামসাংয়ের মতো টেকনোলজি প্রতিষ্ঠানগুলোও তাদের নতুন পণ্য দেখাবে সেপ্টেম্বরেই।


দৃষ্টি ফিরিয়ে দিলো বায়োনিক চোখ!

দৃষ্টি ফিরিয়ে দিলো বায়োনিক চোখ!

বংশানুক্রমে পাওয়া রেটিনিটিস পিগমেন্টোসা রোগের কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন ডায়ান অ্যাশওয়ার্থ। কৃত্রিমভাবে তৈরি চোখের বদৌলতে আংশিক দৃষ্টি ফিরে পেয়েছেন ওই অস্ট্রেলিয়ান নারী। বায়োনিক চোখের এই সাফল্য অন্ধত্বের চিকিৎসায় একটি বড় সাফল্য হিসেবে বিবেচনা করছেন বিজ্ঞানীরা। খবর রয়টার্স-এর।

রেটিনিটিস পিগমেন্টোসা রোগের কারণে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন অ্যাশওয়ার্থ। এ বছরের মে মাসে অস্ট্রেলিয়ার রয়াল ভিক্টোরিয়ান আই অ্যান্ড ইয়ার হসপিটালে অ্যাশওয়ার্থের বায়োনিক চোখটি স্থাপন করা হয়। এর এক মাস পরে চোখটির চালু করা হলে আংশিক দৃষ্টি ফিরে পান তিনি।

এ ব্যাপারে অ্যাশওয়ার্থ বলেন, ‘আমি হঠাৎ করেই যেন আলোর দেখা পেলাম। এই অভিজ্ঞতাটি ছিলো অভূতপূর্ব।’

বায়োনিক চোখটি তৈরি করেছে বায়োনিক ভিশন অস্ট্রেলিয়া। এতে রয়েছে ২৪টি ইলেকট্রোড। একটি ছোট তার সংযোগ স্থাপন করে চোখের পেছনে থাকা একটি রিসেপ্টর-এর সঙ্গে। বায়োনিক চোখটি বসানো হয়েছে অ্যাশওয়ার্থের রেটিনার ঠিক পাশেই।

অ্যাশওর্থের বায়োনিক চোখের দায়িত্বপ্রাপ্ত স্পেশালিস্ট সার্জন ড. পেনি অ্যালেন জানান, যন্ত্রটির মধ্যে বিদ্যুৎশক্তি চালিত হয়, যা রেটিনাকে উদ্দীপ্ত করে। এরপর ওই ইলেকট্রনিক পালসগুলো মস্তিষ্কে পৌঁছে যায়, যা রোগীকে দেখতে সাহায্য করে।

বায়োনিক চোখ আংশিকভাবে হলেও রোগীকে ফিরিয়ে দেয় হারানো দৃষ্টিশক্তি। এটির বদৌলতে আলো এবং অন্ধকার বস্তুগুলোর পার্থক্য চিহ্নিত করতে পারেন ব্যবহারকারী।

ড. অ্যালেন জানিয়েছেন, ‘বায়োনিক চোখের প্রথম তিনটির একটি পেয়েছেন ডায়ান অ্যাশওয়ার্থ। আমরা এখন এর কার্যক্ষমতা বিশ্লেষণ করে দেখছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পৃথিবীতে অন্ধ ব্যক্তির সংখ্যা প্রায় ৪ কোটি। আরো সাড়ে ২৪ কোটি মানুষ আংশিক অন্ধত্বের শিকার। অ্যাশওয়ার্থের বায়োনিক চোখটিকে বিজ্ঞানীরা বিবেচনা করছেন অন্ধত্বের চিকিৎসায় একটি বড় অগ্রগতি হিসেবে। এই প্রযুক্তির উন্নতি এবং বিকাশের মাধ্যমে অন্ধরা অদূর ভবিষ্যতে তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবেন, এমনটাই আশা করছেন তারা।

উড়ছে মস্তিষ্ক নিয়ন্ত্রিত ড্রোন

উড়ছে মস্তিষ্ক নিয়ন্ত্রিত ড্রোন

চিন্তা থেকেই রোবোটিক ডিভাইস নিয়ন্ত্রণ প্রযুক্তির জগতের সর্বশেষ সংযোজন মাইন্ড-কন্ট্রোলড কোয়াড রোটর ড্রোন। ব্রেইন ওয়েভ ব্যবহার করে রোবোটিক ডিভাইস নিয়ন্ত্রণের এই প্রযুক্তিকে বলা হচ্ছে একুশ শতকের সবচেয়ে আলোচিত প্রযুক্তিগুলোর একটি। খবর ইয়াহু নিউজ-এর।

চিন্তা থেকে নিয়ন্ত্রণযোগ্য ড্রোনটি আদতে একটি প্যারট এ.আর ড্রোন ২.০। ইমোটিভ ইপিওসি ইলেকট্রোএনসেফালোগ্রাফ (ইইজি) হেডসেট ব্যবহার করে নিজের চিন্তা থেকেই ড্রোনটি নিয়ন্ত্রণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।

আনম্যানড এরিয়াল ভেইকল বা মানববিহীন উরুক্কু যানকেই চলতি ভাষায় ড্রোন বলা হয়।

ইমোটিভ ইপিওসি ইলেকট্রএনসেফালোগ্রাফ (ইইজি) হেডসেট সংযোগ দেয়া হয় কম্পিউটারের একটি বিশেষ সফটওয়্যারে। এরপর চালকের কমান্ডগুলো কম্পিউটার থেকে রিলে হয় ড্রোনটিতে। মাথায় ইইজি হেডসেট পরে চালক একটু জোরে সোরে বামে যাবার কথা ভাবলেই আকাশে উড়তে শুরু করবে ড্রোনটি। আবার হালকা ভাবেই ‘লেফট, রাইট, বা পুশ’ চিন্তা করলেই ডানে বামে উড়বে চার রোটরের ড্রোন, এগোবে সামনের দিকে।

আরও মজার ব্যপার হচ্ছে, চালক দাঁতে দাঁত কামড়ে ধরলেই নিচে নেমে আসবে ড্রোনটি, আর চোখের পলক ফেললেই তুলবে ছবি।

ঝেজিয়াং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছেন এই প্রযুক্তি ব্যবহার করে অদূর ভবিষ্যতে আকাশে উড়তে পারবেন পক্ষাঘাতগ্রস্ত রোগীরা। নিজের চিন্তা থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যক্তিগত এয়ারক্র্যাফট।

বিলুপ্তির মুখে অমেরুদণ্ডী প্রাণীজগৎ

বিলুপ্তির মুখে অমেরুদণ্ডী প্রাণীজগৎ

পরিবেশ দূষণের কারণে বিলুপ্তির হুমকিতে রয়েছে অমেরুদণ্ডী প্রাণীজগতের বড় একটি অংশ। অমেরুদণ্ডী প্রাণীদের বিলুপ্তির এই আশঙ্কার কথা বেরিয়ে এসেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার (আইইউসিএন)-এর সাম্প্রতিক গবেষণায়। খবর রয়টার্স-এর।

অমেরুদণ্ডী প্রাণীদের বলা হয় প্রাণীজগতের ইঞ্জিনিয়ার হিসেবে। এদের বড় একটি অংশ বিলুপ্ত হলে ভেঙ্গে পড়তে পারে প্রাণীজগতের ইকোসিস্টেম। আইইউসিএনের গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতি পাঁচটি অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে একটি রয়েছে বিলুপ্তির মুখে। এই তালিকায় রয়েছে, শামুক, মাকড়সা, জেলিফিস, চিংড়ি, কোরাল ও কেঁচো থেকে শুরু করে পরাগবাহী মৌমাছি পর্যন্ত।

এ ব্যাপারে আইইউসিএনের বেন কলিন বলেন ‘অমেরুদণ্ডী প্রাণীদের বলা হয় ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার। জীবনধারণের জন্য এই প্রাণীগুলোর ওপর নির্ভরশীল মানবজাতি। নানাভাবে মানবজাতিকে সাহায্য করে প্রাণীজগতের অমেরুদণ্ডী প্রাণীরা। পানি বিশুদ্ধ করা, বর্জ্য পদার্থ রিসাইকল করা, গাছগাছালির পরাগায়ন এমনকি মাটি উর্বর রাখতেও বড় ভুমিকা রাখে প্রাণীজগতের বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী।’

আইইউসিএনের প্রতিবেদন অনুযায়ী অমেরুদণ্ডী প্রাণীদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে পরিবেশ দূষণ, আবহাওয়ার পরিবর্তন এবং যত্রতত্র বন উজাড়। কলিন এ ব্যাপারে বলেন, অমেরুদণ্ডী প্রাণীদের আমরা এতোদিন অবহেলা করে গুরুত্বহীন ভেবে এসেছি। কিন্তু প্রাণীজগতের টিকে থাকার জন্য অমেরুদণ্ডী প্রণীদের রক্ষা করা অতি জরুরি।’

Native Banner